নুড়ি পাথর পর্ব-৭ • তাপস সাহা

 

(  সপ্তম -পর্ব  )

বাবার মৃত্যুতে সংসারের বাধা আয় কমে যাওয়ায় এত বড় সাংসারের যাবতীয় খরচ একা দাদার একার সামান্য আয়ের উপর এসে পড়ে। আস্তে আস্তে শিবা বুঝতে পারে, এই অবস্থায় ওর পড়াশোনা চালিয়ে যাওয়া ক্রমশঃ খুব কঠিন হয়ে উঠছে। সংসার সামাল দিতে নতুন মা শয়তান ঠিকাদার পাড়েজীর সঙ্গে পরামর্শ করে দাদাকে কিছু না জানিয়েই একদিন শিবার স্কুলে যাওয়া বন্ধ করে দিল । স্কুল বন্ধ করে শিবাকে লাগিয়ে দেয় কলিয়ারি খনি থেকে কয়লা কাটার ঠিকা শ্রমিককের কাজে সংসারের অভাবের দোহাই দিয়ে। সব বুঝেও দাদার সমস্যার কথা ভেবে চুপ করে রইল। কলিয়ারিতে শিবার কাজটা পার্মানেন্ট কোন কাজ ছিল না। ওকে কাজ করতে হত সেই শয়তান ঠিকাদার পাড়েজীর অধীনে । যেদিন যেমন কাজ থাকে সেই মত ডিউটি দিত ওকে। প্রায় প্রতিদিনই শিবা কাজ শেষে খনি থেকে বেরিয়ে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আড্ডা দিতে চলে যেত বন্ধুদের সঙ্গে । আর যেদিন কাজ থাকত না, সেদিন বেলা করে ঘুম থেকে উঠে বেরিয়ে পরত । এদিক ওদিক খানিকটা ঘুরে, পরে চলে যেত বড় রাস্তার ধারের মদনদার চায়ের দোকানে । চা দোকানের বাইরে একটি বেঞ্চে বসে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করত ঘন্টার পর ঘন্টা ধরে । মোটামুটি এই ছিল ওর রোজকার রুটিন ।
    কলিয়ারির বড় বাবুর মেয়ে তনু পড়ত সরকারী স্কুলের দশম শ্রেণীতে । একটি সাইকেলে চড়ে শাড়ি পড়ে রোজই সে স্কুলে যেত একা । দেখতে দেখতে মেয়েটা কেমন যেন দ্রুত বেড়ে উঠেছে । তেমনি সুন্দরীও হয়েছে । একমাথা ঘন কালো লম্বা চুল কেমন সুন্দর বেণী করে কাঁধের দুদিকে গুছিয়ে রাখত। চুড়ীদার নয় শাড়ি পড়েই স্কুলে যায় রোজ । খুব যে ফর্সা ছিল গায়ের রঙ তা নয়, কিন্তু অদ্ভুত একটা মিষ্টি আভা বা যৌলুস বিচ্ছুরিত হত ওর শান্ত সৌম চেহারা ও মুখশ্রী থেকে।
    মদন দার চা দোকানে বন্ধুদের নিয়ে একসঙ্গে বসে থাকা সদ্য কৈশোর উত্তীর্ণ সুঠাম শরীরের শিবার চোখে প্রতিদিন স্কুলে যাওয়া তনু যে এড়িয়ে যেত তা নয়, বরং চোরা চোখে মাঝেমধ্যে তনুকে এভাবে স্কুলে যেতে দেখে কেমন একটা ভালো লাগা অনুভব করত আর দশজন সমবয়সীদের মত। দু-চারবার চোখাচোখিও হয়েছে শিবা র সঙ্গে তনুর, কিন্তু ওই পর্যন্তই। লজ্জায় মাথা নত করে নিয়েছে শিবা ।
   একই জায়গায় প্রতিবেশী হওয়ায় শিবার মায়ের মৃত্যু, ওর বাবার মৃত্যু এবং বাবার দ্বিতীয় বিয়ে সবকিছুই জানত তনু, কিন্তু এটা জানত না যে শিবার লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং ও খনির কাজে লেগেছে। প্রায়ই স্কুলে যাতায়াতের পথে শিবাকে চা দোকান বসে থাকতে দেখে খুব অবাক লাগত তনুর। ও জানত, শিবা পড়াশোনায় খুব ভালো । অথচ স্কুল যাওয়ার পরিবর্তে চা দোকানে কতগুলো বখাটে ছেলের সঙ্গে বসে আড্ডা দিতে দেখে ও খুব বিরক্ত হত। শিবাকে যে তনু খুব ছোটবেলা থেকে শুধু চিনত তা নয় ওর মা ওদের বাড়িতে কাজ করতে এসে যখন শিবার লেখাপড়ায় মনোযোগ ও মেধার কথা গল্প করত তখন ও একান্তে দাড়িয়ে সব শুনে আলাদা একটা সম্ভ্রম অনুভব করত শিবার প্রতি। মাঝে মাঝে মনে হয় শিবাকে ডেকে জিজ্ঞাসা করে কেন ও এভাবে আড্ডা দেয় দিনেরপর দিন স্কুলে না গিয়ে? কিন্তু পরক্ষণেই একটা অজানা সংকোচে পিছিয়ে আসে এটা ভেবে, যদি শিবা অন্য কিছু ভাবে বা বলে বসে !
    মনসুন এর সময় কলিয়ারিগুলিতে কুলি ও লেবারদের বিশেষ কাজ থাকেত না কারণ, এই সময়টায় কলিয়ারির খাদানগুলো প্রায়ই জলে ডুবে যেত। এই জন্য কলিয়ারিগুলিতেে কয়লা কাটার কাজ খুব একটা থাকে না। কেবল খনির ভেতর কেটে জমা করে রাখা কয়লা তুলে উপরে নিয়ে আসার কাজ থাকত এক শ্রেণীর কোলিয়ারির শ্রমিকদের । এ-কাজ তারা করত, ক্রেনের সাহায্যে । শিবা মূলতঃ অন্ধকার খনি গুহার অন্দরে গিয়ে কয়লা কাটার কাজ করত, আর তাই ওর হাতে বর্ষায় তেমন কাজ থাকত না। মাঝে মধ্যে অতিরিক্ত আয়ের জন্য শিবা বসে না থেকে ঠিকায় রোজের হিসেবে ঠিকায় কয়লা তোলারও কাজ করত ঠিকাদারকে ধরে । শিবা তার রোজগারের টাকা তুলে দিতে বাধ্য হত ওর নতুন মার হাতে। কিন্তু এই বাড়তি আয়ের ও ওভারটাইম এর টাকা নিজের কাছে রেখে দিত । সেই অর্থ থেকে মাঝে মধ্যে নিজের ও দুই দিদির প্রয়োজনীয় জিনিস কেনার ও হাত খরচের টাকা দিত নতুন মার চোখ এড়িয়ে । শয়তান ঠিকাদার, পাড়েজী কিন্তু শিবার বাবার মৃত্যুর পরেও শিবাদের বাড়িতে আসত নানা আছিলায়। কখনো ছোট মার সঙ্গে দেখা করতে তো কখনো মদ খেতে। নতুন মা-র সঙ্গে ঠিকাদারের এই সম্পর্কটা শিবা খুব একটা ভালো ভাবে নিত না । লোকটার বড় দিদির প্রতি লোলুপ চাউনি আর ছোট মা-র সঙ্গে নানান ফস্টিনষ্টি, ঢলাঢলি দেখে মনে হত, শয়তানটাকে একদিন কুড়ুল দিয়ে কুপিয়ে শেষ করে দেয় চিরদিনের মত । শিবার দাদা ছিল খুব নিরীহ প্রকৃতির, তা ছাড়া ওই ঠিকাদারের অনেক প্রভাব ছিল কলিয়ারির ম্যানেজমেন্টের ওপর। তাছাড়া শিবার দাদার কাজটাও পাকা ছিল না। ওর বাবা বেঁচে থাকতে কর্তৃপক্ষের হাতে পায়ে ধরে এই কাজটা জোগাড় করে দিয়েছিল তখন, কথা ছিল ঠিকমতো কাজ করলে পড়ে ওর পার্মানেন্ট করে নেবে। বাবার ওই ভাবে অকালে চলে যাওয়ায় সে আর হয়ে উঠল না এখনো। দাদা তাই ঠিকাদারের এই বেলেল্লাপনা একপ্রকার চোখ বন্ধ করেই এসব ঘটনা মেনে নিত । কিন্তু শিবা এই ঘটনা কিছুতেই মন থেকে মেনে নিতে পারেত না । মাঝে মাঝেই শিবা এই নিয়ে নতুন মার সঙ্গে খুব ঝগড়াঝাঁটি করত। কিন্তু সংসারে শিবার এত ক্ষমতা ছিল না যাতে ও ঠিকাদারকে ওদের ঘরে আসা বন্ধ করতে পারে। বয়স, শক্তি এবং অর্থ উপার্জন সবেতেই তার ক্ষমতা ছিল খুবই অল্প । শিবার মনোভাব ঠিকাদার সবই বুঝতে পারে, তার এবাড়িতে আসা নিয়ে শিবা যে খুব ঝগড়াঝাটি করত তা শিবার নতুন মার কাছে শুনেছে, এবং এতে খুবই অসন্তুষ্ট ছিল ঠিকাদার ও শিবার নতুন মা । শিবার ওপরে ঠিকাদারের এই অসন্তোষর কারণেই শিবা খনিতে ওভারটাইম ও বাড়তি আয়ের কাজও তেমন পেত না ।
.
                                              (  ক্রমশঃ  )

Comments