নুড়ি পাথর • পর্ব--৪ • তাপস সাহা
( পর্ব--৪ )
শিবার মায়ের মৃত্যুর পর সংসারের দায়িত্ব গিয়ে পড়ল বড় মেয়ের ঘাড়ে । শিবার বাবা বড় মেয়ের পড়া বন্ধ করে দিল । ওদের বাবার মদ খাওয়ার পরিমান আরোও বেড়ে গেল প্রায় দিন মদ গেয়ে বেহুঁশ হয়ে রাস্তা ঘাটে পড়ে থাকত, খবর পেয়ে শিবা আর তার দাদা গিয়ে তুলে আনত। মাসমাইনের টাকার এরকম বেহিসাবি খরচ হওয়ার ফলে ধীরে ধীরে সংসারের অবস্থা খুবই খারাপ হতে লাগল । কোনরকমে কখনো আধ পেটা খেয়ে কখনো না খেয়ে ওরা সকালেই দিন গুজরান করছিল । ইতিমধ্যে ঘটল আর এক অঘটন । শিবা তখন ক্লাস সেভেনে পড়ে আর ওর দাদা ফেল করে করে ক্লাস এইটে । একদিন স্কুল থেকে ফিরে দেখল, বাড়ির সামনে অনেক মানুষের ভীড় । কিছু বুঝে ওঠার আগেই পাকাল মাছের মত গায়ের রঙ আর মাথা ভর্তি ঝাঁকড়া চুলের একটি বাচ্চা ছেলে ভীরের ভেতর থেকে ছিটকে এসে হাঁপাতে হাঁপাতে বলল,
---"শিবা দাদা, তোমার নতুন মা এসেছে ।"
শিবা আর ওর দাদা ভীড় ঠেলে সামনে গিয়ে দেখল ঘোমটা দিয়ে বাবার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা । বুঝল, বাবার হাত ধরে নত মুখে যিনি দাড়িয়ে আছেন তিনি ওদের নতুন মা। ওর বাবা ওদের দেখে নতুন মাকে বলল,---'এই তোমার দুই ছেলে আর আমাদের বলল, এ তোমাদের মা। এবার থেকো একে মা বলবি। মায়ের সব কথা শুনবি।'
এদিকে যত দিন যায় ততই কিশোর শিবার দেহে আস্তে আস্তে ফুটে উঠতে লাাগল এক এক করে সমস্ত পুরুষালি চিহ্নগুলো। সৎমায়ের আসল রূপও ওদের কাছে ধীরে ধীরে প্রকাশ হয়ে পড়তে থাকে । বাবার মাসমাইনের সবটাই উনি নিয়ে নিজের কাছে রেখে দিত। বড় সৎ ছেলেকে পড়া ছাড়িয়ে কলিয়ারির ঠিকাদার বাবু পারেজীর কাছে কাজে লাগিয়ে দিল । সে কাজ করে যে টাকা পেত তাও ওই নতুন মা ঠিকাদারের কাছ থেকে নিয়ে এসে নিজের কাছে রেখে দিত। ভালোমন্দ রান্না হলে নিজে এবং বাবা আগে খেয়ে নিত যতটা পারত, বাকিটা যা খুব সামান্য অংশই থাকত তা ওদের দিকে ঠেলে দিত ।
নতুন মায়ের অত্যাচার, অবিচার দিনে দিনে বাড়তে থাকল, গায়ে হাত তোলা থেকে, বাবাকে ওদের নামে মিথ্যা অভিযোগ করা সবই চলতে থাকে। প্রায় রাত্রে শিবার বাবা মদ খেয়ে বাড়ি ফিরলেই নতুন মা কান্নাকাটি করে ওদের নামে মিথ্যা অভিযোগ করে ওর বাবাকে উত্যক্ত করত, আর তা শুনে শিবার বাবা ওদের লাঠি দিয়ে বেদম মারধর করত। সবথেকে বেশি শাস্তি ও কষ্ট পেত শিবা । মার খেতে খেতে শিবার ঐ কিশোর শরীর নরম মাংস পেশীগুলি ক্রমে তাদের লালিত্য হারিয়ে কঠিন প্রতিজ্ঞাবদ্ধ শক্ত মাংস পেশীতে পরিণত হতে থাকে। প্রথম প্রথম বিছানার কালো চিটেপরা বালিশে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত আর মায়ের কথা মনে করে নিজের মুষ্টি শক্ত করে পরে থাকত । আস্তে আস্তে ওর চোখের জল শুকিয়ে কঠিন প্রতিজ্ঞাবদ্ধ হত এইভেবে যে, সময় হলে একদিন ও এই অন্যায়ের প্রতিশোধ নেবেই।
কলিয়ারির ঠিকাদার বাবু পাড়েজী প্রায়ই ওদের ঘরে আসত বাবার সঙ্গে মদ গিলতে। পাড়েজী এলে ওদের নতুন মার সে কি আনন্দ! সাজসজ্জায় বাহারত থাকতই সেই সঙ্গে থাকত নানান দৃষ্টিকটু অঙ্গ ঢলানি । পাড়েজী মদ আর মাংস সঙ্গে করে নিয়ে আসত, নতুন মা সেই মাংস রান্না করত যুত্সই করে আর বাবা আর পারেজীর গ্লাসে মদ ঢেলে দিত । লোকটা ছিল একটা আস্ত শয়তান । দুর্বুদ্ধিতে ওর তুলনা মেলা ভার। শিবা লোকটাকে দুচোখে দেখতে পারত না। ওকে দেখলেই ঘৃণায় ওর শরীরটা গুলিয়ে উঠত, বিশেষ করে ওদের ঘরে মদ খেতে এসে ওর ধূর্ত চোখদুটো পিটপিট করে বড় দিদির দিকে তাকিয়ে জিভটা হাতের উল্টো পিঠের জামাটা দিয়ে চেটে নিত । কিশোর শিবার চোখে সবই পড়ত কিন্তু করার কিছু ছিল না বলে সে সমস্ত ক্রোধ সংবরণ করত দাঁতে দাঁত চেপে; রাগে তার সমস্ত শরীর দাউদাউ করে জ্বলত। অনুপায় হয়ে ঘরের বাইরের এসে ছোট ছোট জঙ্গলা চারা গাছগুলোকে শক্ত লাঠি দিয়ে সপাং সপাং করে চাবকে নিজেকে শান্ত করত।
--( ক্রমশঃ )

Comments
Post a Comment