নুড়ি পাথর পর্ব--৩ • তাপস সাহা




পর্ব--৩ )


খুব ছোটবেলা থেকেই বোঝা যায় শিবা খুব মেধাবী । ওর সব ভাইবোনের থেকে ও একটু বেশি মেধাবী ও বোঝদার ছিল । ওর জন্মদাত্রী মা ওর বাবার সঙ্গে ঝগড়াঝাঁটি করে কলিয়ারির ই,সি,এল এর টাকায় চলা অবৈতনিক স্কুলে ভর্তি করে দেয়, এর জন্য শিবার মাকে ওর বাবার হাতে মার ও খেতে হয়ে ছিল । লোকটা এরকমই । মাস মাইনের পুরো টাকাটাই প্রায় মদ গিলে আর জুয়া খেলেই উড়িয়ে দেয়। মাসের শেষ দিকে শিবার মার পক্ষে এতগুলো মানুষের মুুখে দুুুমুুুঠ খাবার তুলে দিতে হিমসিম খেতে হয়।  সংসারের জন্য কোনভাবে অতিরিক্ত টাকা আয়ের কোন চেষ্টা নেই, শুধু মদ গিলে ঘরে এসে সামান্য কারণে বউ-বাচ্চাদের উপর হম্বিতম্বি করা ।
   
স্কুল থেকে ফ্রি তে একবেলার খাওয়া, বছরে একবার বেসাইজের জামা-প্যান্ট আর ক'টা নতুন পুরনো বই, সামান্য এসব পেয়েই কোন রকমে  গড়িয়ে যাচ্ছিল শিবা ও বাকি ভাই-বোনেদের শৈশব। শিশু শিবা কিছুতেই বুঝতে পারে না এই পৃথিবীতে আসার জন্য তার কি অপরাধ । সে মার মুখেই শুনেছে যে কোন মানুষ কিংবা প্রাণী পৃথিবীতে একা একা আসতে পারে না; সেও তো নিজে থেকে পৃৃথিবীতে আসে নি, তাকে আনা হয়েছে বলেই না সে এসেছে । অথচ কেন তাকে বাবা দেখতে পারে না ! পান থেকে চুন খসলেই কেন বাবা এত গালিগালাজ করে । একমাত্র মা-ই তাকে যেটুক স্নেহ দেয়, ভালোবাসে, অসুুখ-বিসুখে রাত জেগে বসে থাকে কোলে নিয়ে। বড় অচেনা  লাগে তার এই পৃথিবী ও নিজের চারপাশের মানুষগুলোকে।
   
  শিবা এত অভাব ও অবজ্ঞার মধ্যেও নিয়মিত স্কুলে যেত, মন দিয়ে পড়াশোনা করত। প্রায় প্রতি বছরই সে স্কুলে ওর ক্লাসে প্রথম হত । বৎসরান্তে যখন রেজাল্ট নিয়ে নাচতে নাচতে বাড়ি ফিরে  আসত তখন তার খুব ইচ্ছে হত তার রেজাল্ট টা বাবাকে দেখায় কিন্তু পরক্ষণেই নিজেকে সংযত করত এই ভেবে যদি বাবা তাকে বকে বা অন্য কিছু বলে ? মানুষটাকে তার একদম ভালো লাগে না । মায়ের কোলে মুখ গুজে তাই সে শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদত ভালো রেজাল্ট করা সত্বেও । অসহায় মা সব বুঝত আর ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে দুচোখের জল ঝড়াত।

   শিবার যখন বার বছর বয়স তখন ও বুঝল মাতৃবিয়োগ কী ! দীর্ঘদিন অনাহারে, অযত্নে ও অপুষ্টিতে থাকার ফলে ভয়ংকর টি,বি রোগ ওর মার লাংস দুটোকে ঝাঁঝরা করে দিয়েছিল। ওর বাবা সব জানত তা সত্বেও ওর মার জন্য কিছুই করেনি । আসানসোলের বড় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়েও যায় নি কখনো । ডাক্তার মাকে দুধ, ডিম, ফল খেতে বলেছিল রোজ, দিদি বাবাকে সে কথা বললে বলত,----' যা রোজগার করি তোদের রাবনের গুষ্টিকে খাওয়াতেই তো শেষ হয়ে যায়, ওসব আনব কোথা থেকে ? মরলে মরবে, আমি বাঁচিয়ে রাখার কে ! যার যখন ডাক আসবে তাকে তখন যেতে হবে ।' এসব কথা শুনলে কৈশোরে উপনীত হওয়া শিবার শরীরে ভয়ংকর ক্রোধ আসত, মাথার দুপাশের রগ দুটো ফুলে উঠে টনটন করত। তখন মনে হত এই অসহ্য মানুষটাকে একদিন খাবারের সঙ্গে ধুতরা ফুলের বীজ খাইয়ে মেরে ফেলে অথবা একদিন ঘুমিয়ে থাাকা অবস্থায় দুহাতে গলার টুটি টিপে চিরদিনের  মতো শেষ করে দেয়।
    একদিন কলিয়ারির ই,সি,এল হাসপাতালে মায়ের ওষুধ আনতে গিয়ে শুনল কুলি বস্তির একজন লোক টি,বি তে ভুগে ভুগে মারা গেছে। অযত্নে  হাসপাতালের মেঝেতে পরে থাকা মৃতদেহের পাশে বসে তার বউ, বাচ্চারা খুব কান্নাকাটি করছে । মার কথা ভেবে কিশোর শিবার ভেতরটা ছ্যাঁক করে উঠল । তাহলে কি তার মাও একদিন তাদের ছেড়ে চলে যাবে চিরদিনের মতো এই ভাবে! দুচোখ দিয়ে জল তার নরম গালের উপর গড়িয়ে । মা ছাড়া যে তার এ জগতে আর কেউ নেই !
     একদিন শিবার আশঙ্কাই সত্যি হল। ওর মা সবাইকে ছেড়ে, ওকে ছেড়ে ইহজগতে থেকে চিরতরে বিদায় নিল । সারাদিন মরা আগলে বসে রইল ওরা ভাইবোন সবাই । মৃতদেহ দাহ ও অন্যান্য পারলৌকিক কাজ শেষ করতে হবে অথচ ওদের বাবার দেখা নেই কোথাও । সন্ধ্যের মুখে মদ খেয়ে টলতে টলতে এসে মায়ের মৃতদেহ জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করে সবাইকে এটা বোঝাতে চাইল, স্ত্রীর মত সম্পদ হারিয়ে তার কি ক্ষতি হল । এসব দেখে রাগে, ঘৃণায় শিবার গোটা শরীর থর থর করে কাঁপতে লাগল । বারবার  মনে হতে থাকল, এই মুহুর্তে লোকটার গলা টিপে চিরদিনের মত ওর এই নাটক করা শেষ করে দেয় ।

                                         

                                       -------(   ক্রমশঃ  )

Comments