নুড়ি পাথর • পর্ব-১ • তাপস সাহা
( পর্ব--১)
যন্ত্রণায় ছটফট করতে করতে হাসপাতাল বেডের একপাশে এমন ভাবে কাত হয়ে সরে গেল শিবা যেন ডান পায়ের উপর কোন চাপ না পরে । গতকালই অপারেশন হয়েছে ডানপায়ের গুলির ক্ষতর উপর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় বেশ ক্লান্ত হয়ে পরেছে ও । একটু রক্ত তার শরীরের দিতে পারলে খুব ভাল হত কিন্তু কোন শালা দেবে রক্ত! তিনকুলে কেউ নেই যে এগিয়ে এসে রক্ত দেবে। কুচে অবশ্য একবার রক্ত দেবে বলে ছিল কিন্তু শিবা না বলায় ও আর রক্ত দেয়নি । খুব কষ্ট পেয়েছিল শিবা রক্ত দিতে না বলায় । ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল,
---"গুরু, আমি তোমার জাতের কেউ নই বলে আমার রক্ত নিলে না । মানছি আমি বেজম্মা, কিন্তু গুরু সবার রক্তই তো লাল।"
শিবা ওর মাথায় হাত দিয়ে বলেছিল,
----"তুই বলেছিস এটাই যথেষ্ট । দেখিস আমার কিছু হবে না। আমি শালা যমের অরুচি !"
----"তুমি গুরু সবসময় ওরকম বলো । কাল তুমি ওভাবে পুলিশের সঙ্গে লড়তে না গেলেই পারতে। আসলে শালারা আগে থেকেই পেলান করে এসেছিল। আমি দিব্বি গেলে বলতে পারি, সব শালা ওই জগার কাজ । শালা আগে থেকে পুলিশকে খবর দিয়ে রেখেছিল যে তমি ঐ পারবেলিয়া কোলিয়ারিতে কাল যাবে হিসসা আনতে । ও তোমার বন্ধু নয়, ও চায় তোমাকে শেষ করে নিজেই গোটা এলাকা নিয়ে আসানসোলে রাজ চালাতে । তুমি দেখে নিও গুরু, একদিন শালাকে আমি এফোঁড় ওফোঁড় করে দেব চেম্বার দিয়ে । শিবা ওকে ধমকে দিয়ে পা-টা মেলতে গেলে যন্ত্রনায় কেঁকিয়ে উঠল ।
আসানসোলের রেল জংশন আর, রানিগেঞ্জর কয়লাখনি অঞ্চলগুলি থেকে কুলতি, বার্নপুর ও তার আশেপাশের কোলিয়ারি অঞ্চলগুলি গত কয়েক বছর ধরেই ব্যাপকহারে চুরি, ছিনতাই ও কয়লার চোরাচালান থেকে রেলের স্ক্র্যাপ নিলামকে ঘিরে চলছে ব্যাপক অরাজকতা । একাধিক ছোট বড় দল, উপোদল গুলির মধ্যে এই এলাকার দখল নিয়ে দু-একদিন ছাড়াই চলে গোলাগুলির লড়াই । শোনা যায় প্রায়ই এলাকার কোথাও না কোথাও লাশ পড়ছে । খালি হচ্ছে কতো মায়ের কোল ও মুছে যাচ্ছে স্ত্রীর সিঁথির সিদুর, তার হিসাব নেই । মূলতঃ ঝাড়গ্রামের বর্ডার থেকো শুরু করে আসানসোল বরাকর হাইওয়ে ধরে চলে এই চোরাচালানের রেকেট । এই কাজে যেমন মদত রয়েছে রাজনৈতিক নেতা-নেত্রীর তেমনি হিসসা পায় পুলিশের ওপরতলা থেকে নিচের হাবিলদার পর্যন্ত । পুলিশ ও নেতা-নেত্রীদের প্রশ্রয় এবং প্রত্যক্ষ ও পরোক্ষ মদত ছাড়া দিনের পর দিন এতবড় অরাজকতা চলতে পারে না ।
শিবা, শিবানন্দ ব্যানার্জি, বর্তমানে এ অঞ্চলের এক নবীন ত্রাস । মারাত্মক শার্প শুটার, তীক্ষ্ম বুদ্ধির ঝকঝকে তরুণ একজন । বাবা ছিলেন একসময় পারবালিয়া কলিয়ারির সুপারভাইজার। অনেকগুলো ছেলেপুলের সংসার । যা রোজগার করত তাতে ছেলেপুলেদের কোনরকমে দুবেলা দুমুঠো খাওয়াতেই সব টাকা বেড়িয়ে যেত তা নয়, অতিরিক্ত মদ আর জুয়ার নেশাই ছিল সংসারের বড় অভাবের কারণ। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ও স্ত্রীর তাড়নায় ছেলে শিবা আর বড় মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিল যদি একটু মানুষ হয় এই আশায় । টানাটানির সংসারে অর্থের অভাবে পরের দুটো ছেলেমেয়েকে আর স্কুলে ভর্তি করতে পারেনি। ওদের মাই সংসার সামলে যেটুকু পারত ওদের পড়াত । ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছিল শিবার মা।
অভাব ও অপুষ্টির সংসারে বছর বছর সন্তান হওয়াটাকে ঐ অল্প শিক্ষিতা মহিলা মেনে নিতে পারত না কিছুতেই। এই নিয়ে প্রতিবাদ করলেও কোন লাভ হত না। নেশাখোর শিবার বাবার শারীরিক খিদে ছিল তীব্র, আর তার এই শারীরিক খিদে মেটানোর উগ্র বাসনার কাছে অসহায় হয়ে আত্মসমর্পণ করতে হত শিবার মাকে শেষ পর্যন্ত । বড় ছেলে শিবাকে ওর বাবা অভাবের সংসারে বাড়তি আয়ের আশায় ম্যাট্রিকুলেশন পাশের পর, কলিয়ারির ম্যানেজার সাহেবের হাতে পায়ে ধরে কলিয়ারিরই একটা কাজে লাগিয়ে দিয়েছিল স্ত্রীর সব আপত্তি অগ্রাহ্য করে । বড় মেয়েকে আর বেশিদূর পড়াতে পারে নি নানা সমস্যায় । এ নিয়ে শিবার মা কিছু বললেই ওর বাবা বলত,
--"পরের ঘরে হাঁড়ি ধরবে যে মেয়ে তার আবার বেশি পড়া করে হবেটা কী ? শোধুই টাকার শ্রাদ্ধ!"
-------( ক্রমশঃ )

Comments
Post a Comment