নুড়ি পাথর • পর্ব-২ • তাপস সাহা
( পর্ব--২ )
মেজো মেয়ে সংসারের কাজে মাকে হাতে হাতে সাহায্য করে । ছোট ছেলে শিবু । শখ করে ওর মা নাম রেখেছিল শিবানন্দ । শিব চতুর্দশীর রাতে ও জন্মে ছিল বলে মা নাম রেখেছে শিবানন্দ । ওর বাবা তাচ্ছিল্য করে বলেছিল,
---"কানা ছেলের নাম আবার পদ্মলোচন ! এবার নিশ্চয়ই তোর শিবা এই সংসারের অভাব-অনটন সব ঘুচিয়ে দেবে । এক এক করে চার চারটে তো বিয়ালি। কতো করে বললুম মেরে ফেল, মেরে ফেল, তা শুনলি না । এখন বোঝ !"
স্বামীর এহেন কথায় ক্ষোভে দুঃখে ওর মা বলেছিল,
---"তোমার মুরদও আমার জানা আছে । সংসারটাই আজ তোমার বেহিসাবি জীবনের জন্য এই অবস্থায় এসে দাঁড়িয়েছে । যা রোজগার কর তার সবটাইতো প্রায় ওই জুয়া আর মদের পিছনেই ঢালো। আকণ্ঠ মদ গিলে যখন দিনের পর দিন এই অপুষ্ট শরীরটাকে নিয়ে ইচ্ছামতো ছিনিমিনি খেলে এদের পৃথিবীতে নিয়ে আসো তখন কি একবারও ভাব এদের ভবিষ্যতের কথা ? আজ বলছো; মেরে ফেলতে? তোমাকে ওকে দেখতে হবে না। বড় হয়ে ও বংশের ধারায় যজমানী করে খাবে ।"
ছোট্ট শিবা বড় বড় চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে গেলে শুধু ওদের কথা। সংসার, দারিদ্র এগুলোর অর্থ ছিল ওর কাছে অজানা ।
ছোট্ট শিবা ছয় বাই আট ঐ টুকু ঘরে ঘাড় গুজে কোন রকমে বড় হচ্ছিল বাকি ভাইবোনদের সঙ্গে অতি কষ্টে । বাপটা প্রায় রাতে মদ গিলে এসে মাকে তীব্রভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করত মার সঙ্গে হয় খাওয়া নিয়ে না হয় শোওয়ার জায়গা নিয়ে । কখনো কখনো ছোট্ট শিবার অপুষ্ট একটা হাত ধরে বেড়াল ছানার মত ঘরের মেঝেতে পাতা বিছানার এক কোনো ছুড়ে দিয়ে নিজে সেই জায়গাটা দখল করে ভোঁস ভোঁস করে ঘুমিয়ে পরত।
দেখতে দেখতে বড় মেয়েটার শরীরে যৌবনের আগুন দাবানলের মত ছড়িয়ে পড়তে লাগল । সদ্য যৌবনবতীর শরীরের শিহরণ জাগান অঙ্গ-প্রত্যঙ্গগুলি ঠিকঠাক ভাবে ঢেকে রাখার জন্য পর্যাপ্ত বস্ত্রের অভাবে সেগুলি দৃষ্টি কটু হয়ে বের হয়ে থাকত । লজ্জায় কুঁকড়ে যাওয়া মেয়ের কষ্ট মায়ের চোখ এড়াতো না ,কিন্তু অসহায় মায়ের দুচোখে বেয়ে শুধুই জল গড়িয়ে পড়া ছাড়া আর কোন উপায় ছিল না ।
রানীগঞ্জ কয়লা ক্ষেত্রটি দেশের সবচেয়ে প্রাচীন কয়লা ক্ষেত্র। এটি দামোদর নদীর উত্তর তীর থেকে অজয় নদের পশ্চিম তীর পর্যন্ত বিস্তৃত। এই কয়লা ক্ষেত্রটি পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলা ও ঝাড়খন্ড-এর ধানবাদ জেলার কিছু অংশ নিয়ে গঠিত। রানিগঞ্জ কয়লা ক্ষেত্র ৪৪৩.৫০ কিমি ২২ (১৭১.২৪ বর্গ মাইল) এলাকা জুড়ে রয়েছে এবং ৪৯.১৭ বিলিয়ন টন মোট কয়লা সম্পদ রয়েছে, যা ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড জুড়ে ছড়িয়েছে । এটি দেশের দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি এলাকা (সঞ্চয়ের ক্ষেত্রে)। এই কয়লা ক্ষেত্রে উৎকৃষ্ট মানের গন্ডোয়ানা যুগের কয়লা পাওয়া যায়। এখান কার উল্লেখযোগ্য কয়লা খনি হল - রানিগঞ্জ, আসানসোল, জামুরিয়া, অন্ডাল, কালাপাহাড়ি, দিশেরগড়, রামনগর, কুল্টি, সালানপুর প্রভৃতি। এছাড়ার দাদমর নদের দক্ষিণ তীরে মেজিয়াতে এক বিশাল কয়লা ব্লক রয়েছে।
এই কয়লাখনিগুলো অর্থাৎ রানিগঞ্জ, আসানসোল, জামুরিয়া, অন্ডাল, কালাপাহাড়ি , দিশেরগড়, রামনগর, কুলতি, সালানপুর কে নিয়ে গড়ে উঠেছে যে বিশাল খনি ও শিল্পাঞ্চল সেগুলোতেই গড়ে উঠেছে ছোটবড় বহু সিন্ডিকেট । খাদান থেকে অভাবি লোক দিয়ে কয়লা চুরি করা, তোলা আদায়, ভোটে রাজনৈতিক নেতা নেত্রীর হয়ে প্রচার করা, এলাকায় ভয়ের ত্রাস সৃষ্টি করা, প্রয়োজনে মানুষ খুন করা এসব সব কাজই করত এই সিন্ডিকেটের ছেলেরা গায়ের জোরে। এই কাজগুলিতে কোন সিন্ডিকেটের কোন খনি অঞ্চলে একাধিপত্য থাকবে তাই নিয়েই প্রতিনিয়ত চলে সন্ত্রাসরাজ। এর সঙ্গে রয়েছে রেলের স্ক্র্যাপের নিলাম নিয়ে ও মারামারি,খুনোখুনি ।
শিবা এরকমই একটি সিন্ডিকেটের নেতা । এলাকায় ওর দাপট এতটাই ছিল যে পুলিশ থেকে বিরোধী সিন্ডিকেটের নেতা ও সদস্যরা সকালেই ভয়ে ভয়ে থাকে। নানান সোর্স লাগিয়েও পুলিশ ওকে ধরতে পারে নি কখনো । মাঝে মাঝে যদিও বা ওকে ঘিরে ফেলা গেছে কিন্তু স্থানীয় কুলি বস্তির মানুষদের সাহায্যে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেছে ও বারবার । ওকে ধরার জন্য শেষ পর্যন্ত আসানসোলের পুলিশ ও ঝাড়খণ্ডের পুলিশ নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়। একদিন বিশ্বস্ত সোর্স মারফৎ সেই টাস্কফোর্স খবর পায় যে শিবা হপ্তা নিতে পারবেলিয়া কলিয়ারিতে আসবে একা। নানাভাবে শিবা কে আয়ত্তে আনতে না পেরে শেষে শিবাকে ধরার জন্য ওর একসময়ের প্রিয় বন্ধু ন্যাটা জগা অর্থাৎ জগন্নাথের সাহায্য নেয় পুলিশ ।
.
----( ক্রমশঃ )

Comments
Post a Comment