নুড়ি পাথর পর্ব-৫ • তাপস সাহা
( পর্ব--৫ )
ন্যাটা জগা, পুরো নাম জগন্নাথ মিশ্র। বাবা, মা কিংবা বংশ পরিচয় তেমন ভাবে কেউ বলতে পারেনি কখনো । ছোটবেলা থেকেই সবাই জগা বলেই ডাকত। আত্মীয় স্বজন কেউ কোথাও আছে বলেও শোনা যায়নি। কেউ ওর নিজের নাম বা বাবার নাম জানতে চাইলে ও শুধু নিজের নামটাই বলতে পারত। প্রশ্নকর্তাদের ভ্রূ কোঁচানো দেখে খুব অস্বস্তি হত দেখে নিজেই নিজের নাম রেখেছিল জগন্নাথ মিশ্র, সংক্ষেপে 'জগা' । বাড়ির কথা জানতে চাইলে বলত, সে ওড়িষার লোক। ঐ পর্যন্তই । সঠিকভাবে ওর জন্ম কোথায় বা পিতৃ পরিচয় কিছুই ওর জানা ছিল না । কেউ কখনো ওর খোঁজ ও নেয়নি । বয়োজ্যেষ্ঠদের কাছে ওর কথা বললে তারা বলত,
---"ও অজ্ঞাতকুলশীল ।"
যাইহোক, জ্ঞান হওয়ার পর থেকেই দেখছে, ও অনাথ আশ্রমের বাসিন্দা। ওখানেই তার একটু একটু করে বড় হয়ে ওঠা । কৈশোরে পা দেওয়ার পর ওর চোখ খুলে গেল। অনাথ আশ্রমে খাবারের অপ্রতুলতা, রোগ ব্যাধি হলে চিকিৎসা না করা, লজ্জা নিবারণের জন্য পোশাকের স্বল্পতা, নানা ভাবে শারীরিক ও মানসিক অত্যাচার সঙ্গে অমানুষিক খাটনী ওর আর ভালো লাগত না। প্রতিবাদ করলেই জুটত অকথ্য অত্যাচার । একদিন ভোর রাতে আশ্রমের সুপারেন্ডেন্ট এর ঘরের তালা লোহার শিক্ দিয়ে ভেঙ্গে দামি হাতঘড়ি, মনিব্যাগ এসব নিয়ে আশ্রমের প্রাচীর ডিঙিয়ে পালিয়ে গেল অনাথ আশ্রমের বায়রে। বেঁচে থাকার তাগিদে ধীরে ধীরে মিশে গেল অপরাধ জগতে। এখানে না ছিল খাদ্যের অভাব, না ছিল শাসনের নির্মম বেড়ি । ছিল জীবন যাপনের অঢেল ব্যাবস্থা । চুরি, ডাকাতি, রাহাজানি, প্রতারণা এগুলো দিয়ে অপরাধ জীবন শুরু করলেও অতিরিক্ত লোভ ও বেহিসাবি উদ্দাম জীবনের নেশায় শুরু করল রেলের ওয়াগন ভেঙ্গে গুডস লুট করা, কয়লা বোঝাই ট্রাক থেকে তোলা আদায় করা, ঠিকাদারদের ভয় দেখিয়ে টাকা আদায়ে নিজেকে ধীরে ধীরে পোক্ত করল। চুরি, ছিনতাই, ওয়াগন ভাঙ্গায় নাম কিনলেও সে খুনী ছিল কখনোই ছিল না। দ্রুত বন্দুক, পিস্তল ও নানা রকম আগ্নেয়াস্ত্র, ছুরি চালাতে সিদ্ধহস্ত হয়ে উঠল । ইতি মধ্যে বহুবার জেলও খেঁটেছে সে নানান অপরাধে ধরা পরে । আগ্নেয়াস্ত্র চালানো ও অন্যান্য কাজে জগা বাঁহাতে করত বলে সবাই ওকে ন্যাটা জগা বলত।
সাজাপ্রাপ্ত জগার সঙ্গে জেলেই পরিচয় হয় শিবার । ঘটনাক্রমে ওরা জলের একই সেলে বন্দি ছিল । সেখানেই ওদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে । সেই বন্ধুত্ব পরে এত প্রগাঢ় হয় যে কেউ কাউকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারত না। জেলের মধ্যে ওদের এই রকম গভীর বন্ধুত্ব দেখে জেল কর্তৃপক্ষ শেষে একসময় ওদের দুজনেকে আলাদা রাখতে বাধ্য হয়। সাজার মেয়াদ শেষে জেল থেকে ছাড়া পেয়ে ওরা এক সঙ্গে মিলে একটি গ্যাং তৈরি করে আরো কিছু উটকো মস্তান ও গুন্ডাকে নিয়ে ।
ধীরে ধীরে এই মাণিকজোড় হয়ে ওঠে আসানসোল, রানিগঞ্জ, বোকারোর ত্রাস । আসানসোলের দক্ষিণে সুন্দর চক্ ভিলেজ, চিনুকুর হয়ে দামোদরের তীর বরাবর উত্তরে নিয়ামত পুর, ভগৎ সিং এর মোর ধরে রানিগঞ্জ পর্যন্ত ছিল ওদের একচ্ছত্র আধিপত্য । তোলা আদায়, ভয় দেখানো, টাকা নিয়ে কলিয়ারির লিজ, ছোট বড় রাস্তা তৈরি ও নানান ঠিকাদারির কাজ পাইয়ে দেওয়া, সবকিছুই ওরা করত মোটা টাকার বিনিময়ে। প্রয়োজনে এ কাজে ওরা খুনখারাপি করতেও পিছপা হত না । রেলের ছাঁট লোহার কারবার ছিল একটি খুব লাভবান ব্যবসা আর এই ছাঁট লোহা বিক্রি হতো নিলামের মাধ্যমে । রেলের আসানসোলে জংশনের এই নিলামে কে জিতবে তা আগে থেকেই ঠিক করে দিত শিবা, জগার দল। এলাকার ভোটে কে জিতবে এবং কত বেশি ভোটে সে কাজেও রাজনৈতিক নেতারা ওদের সাহায্য নিত বহু অর্থের বিনিময়ে । ভোটের দিন মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রেখে ছাপ্পা ভোট দিয়ে, বোমাবাজি করে ওরা ভোটের নেতাদের জিতিয়ে আনত।
পুলিশ এসব কথা সব জানত। কোথায় কখন কোন কাজ কে করছে তার খুটিনাটি ওদের নখদর্পণে ছিল কিন্তু কিছুই করতে পারত না এলাকার নেতা মন্ত্রীদের বাঁধায়। ওরা রাজনৈতিক নেতাদের নিরাপদ ছত্রছায়ায় থাকত। অথবা নানান অপরাধ করেই পাশর্বর্তী রাজ্য ঝাড়খণ্ডে গিয়ে গা ঢাকা দিতে ওরা। যার ফলে পুলিশ ওদের কখনোই ধরতে পারত না, আর ধরলেও নেতারা ছাড়িয়ে নিয়ে যেত। এলাকার এই দখলদারি নিয়ে দিনেদুপুরে প্রায়ই বিভিন্ন গ্যাং-এর মধ্যে মারামারি, বোমাবাজি চলতেই থাকে গোটা আসানসোল ও তার আশেপাশের অঞ্চল জুড়ে ।
.
. -----( ক্রমশঃ )

Comments
Post a Comment